Friday, May 1, 2020

বেদান্ত লক ডাউন পর্বে লিখছেন অনিরুদ্ধ সুব্রত



প্রশ্নেরা ফিরে যায়

--অনিরুদ্ধ সুব্রত---  

তাহলে তোমরা আগুন আবিষ্কার করেছিলে এই কারণেই,
জানিনা--- গাছের প্রশ্নের উত্তর অনুশীলন করিনি আমরা
অসহিষ্ণু হবে বলেই একদিন  অরণ্যের পথ ছেড়ে দিয়েছিলে,
বলবো না--- নদীর জিজ্ঞাসায় কোনও প্রত্যুত্তর শিখি নি আমরা
নিয়ত দখলদারির আকাঙ্ক্ষায় খুঁজে বের করেছিলে অস্ত্র,
চুপ করো---পাখিদের মুখে মানুষের পছন্দের সুর ছাড়া,কিচ্ছু নয়
আচ্ছা, মৃত্যুকে ভালবাসবে বলে আমাদের সাক্ষী রাখো মৃতদেহে,
থামো--- ফুল তুমি হাসতে বাধ্য,জানা মানায় না তোমাকে তত
আকাশের নীচে দাঁড়িয়ে এতো হিংসা কীভাবে খাঁচায় রাখো পুষে,
আশ্চর্য!অসীম,ছড়ানো নীল---জানো কি সীমাবদ্ধর নি:শ্বাসে বিষ
বিশ্বাসে নেই গাছ, নদী, পাখি, ফুল, আকাশ, বাতাস, গোধূলির আলো,
আছে একটা গল্পের পৃথিবী, ঠিক পৃথিবীর মতো নয়---
আছে দুইটি শব্দ, আনন্দ আর ভয় ...
    



                                             

No comments:

Post a Comment